জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই ইসলাম ও ইসলামী আদর্শ উত্খাতের জন্য নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। সরকার ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও পাঠ্যসূচি থেকে ইসলামী শিক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আলেম-ওলামা, পীর-মাশায়েখদের উপর একদিকে চলছে হামলা, মামলা, নির্যাতন। অপরদিকে ভবিষ্যত্ প্রজন্মকে ইসলামী আদর্শ থেকে দূরে সরিয়ে রাখার অত্যন্ত পরিকল্পিত চেষ্টা চলছে। তিনি উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্যসূচি থেকে ইসলামী শিক্ষা বাদ দেয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ইসলাম নিয়ে আওয়ামী লীগই রাজনীতি করে এবং তারাই ইসলামের অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। আর যারা ইসলামী আদর্শ কায়েমের জন্য ইসলামী আদর্শের ভিত্তিতে ইসলামী আন্দোলন করে তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে রাজনীতি করে না। -প্রেস বিজ্ঞপ্তি
