খুলনায় মহসেন জুট মিলে ৪৫ দিনের লে-অফ ঘোষণা

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৫২
গতকাল শনিবার বিকালে কর্তৃপক্ষ নগরীর শিরোমনি বিসিক এলাকায় অবস্থিত ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিল ৪৫ দিনের জন্য লে-অফ ঘোষণা করেছে। মিলে প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। স্থানীয় খানজাহান আলী থানার ওসি শহিদুল ইসলাম মিল কর্তৃপক্ষের নোটিসের বরাত দিয়ে জানান, আর্থিক সংকট ও বিদেশি বাজারে এ মিলের পণ্যের চাহিদা কমে যাওয়ায় ৪৫ দিনের জন্য মিলটি বন্ধ করেছে কর্তৃপক্ষ। তবে বেশ কয়েকজন শ্রমিক দাবি করেছেন, এ সময় মিলটি বন্ধ রাখা উদ্দেশ্যমূলক। তাদের মতে, ব্যাংক ঋণ বৃদ্ধি পাওয়ায় মিলটি বন্ধ করা হয়েছে। ফলে তারা বেকার হয়ে পড়েছেন। মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। উল্লেখ্য, খুলনা মহানগরীর বিসিক শিল্প এলাকায় ভৈরব নদের তীরে প্রতিষ্ঠিত বেসরকারি মালিকানাধীন জুট মিলটি ১৯৭১ সাল থেকে উত্পাদনে যায়।