ছাত্র রাজনীতি যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে :তোফায়েল

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৫৮
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির তোফায়েল আহমেদ বলেছেন, ছাত্র রাজনীতি যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। টেন্ডারবাজিতে ছাত্ররা জড়িয়ে পড়ছে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের টেন্ডারবাজি-সন্ত্রাস থেকে সরে আসতে হবে। তাদের হতে হবে ডিজিটাল প্রযুক্তিতে পারদর্শী। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। জেলার নতুন বাজার কবি মোজাম্মেল হক টাউন হলে গতকাল শনিবার ভোলা জেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাদক হতে সাবধান থাকতে হবে। তরুণ প্রজন্মকে নষ্ট হতে দেয়া যাবে না। তোমাদের মধ্যেই ভবিষ্যত্ রাষ্ট্রনায়ক খুঁজে পাওয়া যাবে। তিনি আরো বলেন, অনেকেই ভোলার উন্নয়নের কথা বলে। কিন্তু আমাদের চেয়ে বেশি কেউ উন্নয়ন করতে পারেনি। কিন্তু আমাদের নিয়ে প্রচার কম হয়েছে। এ সময় তিনি তার ছাত্র জীবনের সোনালী দিনগুলোর কথা বলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ মনিরুজ্জামান, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২০ শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়। এছাড়া ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়া হয় ক্রিকেট খেলার সামগ্রী। অনুষ্ঠানে তোফায়েল আহমেদ ভোলা জেলা পরিষদের ওয়েব সাইট উদ্বোধন করেন।