ফতুল্লায় নিখোঁজের নয়দিন পর স্কুলছাত্রের ৯ টুকরো লাশ উদ্ধার

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৫৯
সদর উপজেলার ফতুল্লার দুর্গম চরাঞ্চল বক্তাবলী ইউনিয়নের চর রাধানগর এলাকা থেকে গতকাল শনিবার এক স্কুল ছাত্রের নয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুল ছাত্র ইমন হোসেন (১৪) বক্তাবলীর কানাইনগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সে চররাধানগর এলাকার ইসমাইল হোসেনের পুত্র। ইমন নিখোঁজ হওয়ার ৯ দিন পরে স্থানীয় ক্ষেত থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর পালিয়ে গেছে সন্দেহভাজন ঘাতকরা। গত ১৩ জুন রাত থেকে সে নিখোঁজ ছিল। ফতুল্লার বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জানান, গতকাল শনিবার চর রাধানগর এলাকায় একটি ধঞ্চে ক্ষেত থেকে ইমনের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জের হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ আরো জানিয়েছে, দেড় বছর পূর্বে একই এলাকার সিরাজ মিয়া, আহাম্মদ আলী গংদের সঙ্গে ইমনের পরিবারের ঝগড়া হয়েছিল। গতকাল লাশ উদ্ধারের পর থেকে তারা স্বপরিবারে ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তারা এ ঘটনা ঘটিয়েছে।