সংসদ আজ আবার উত্তপ্ত হবে

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৫৯
দু’দিন বিরতির পর আজ রবিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন আবার বসছে। বিকাল সাড়ে তিনটায় বাজেট অধিবেশন শুরুর পরই সংসদ উত্তপ্ত হবে। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় গত বৃহস্পতিবার রাতে সংসদে যা ঘটেছে আজ তারই পুনরাবৃত্তি ঘটতে পারে। দিনের কার্যসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের পর স্পিকার আইন প্রণয়ন কার্যাবলী সম্পাদন করবেন। বিরোধী দলের সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে সরকারি দলের অপু উকিলের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে স্পিকারের নিকট পয়েন্ট অব অর্ডারে ফ্লোর চাওয়া হবে। তাছাড়াও অপু উকিল যা বলেছিলেন তার পাল্টা জবাব বিরোধী দলের দিক থেকে দেয়ার প্রস্তুতি রয়েছে। সূত্র জানায়, বিরোধী দলের পক্ষ থেকে সিনিয়র সদস্যরা সংসদে কার্যপ্রণালী বিধির বাইরে গিয়ে অশোভন, অশালীন ও অসংসদীয় ভাষা ব্যবহার করে ব্যক্তিগত এবং প্রয়াত জাতীয় নেতাসহ তাদের পরিবারের সদস্যদের প্রতি আক্রমণাত্মক বক্তব্য দেয়া অব্যাহত রয়েছে উল্লেখ করে এ বিষয়ে স্পিকারের নিকট প্রতিকার চাইবেন। কেননা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত সপ্তাহে সংসদে কার্যপ্রণালী বিধি মেনে বক্তব্য দেয়ার জন্য রুলিং দিয়েছিলেন। তিনি সরকার ও বিরোধী দলের সদস্যদের অসংসদীয়, অশালীন, অশোভন ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার না করার জন্যও অনুরোধ করে বলেছিলেন মাইক বন্ধ করা সুখকর নয়। তবে সর্বশেষ ব্যবস্থা হিসাবে মাইক বন্ধ করতে হতে পারে। রুলিংয়ের পরও কোন কাজ হয়নি সে বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বিরোধী দলের পক্ষ থেকে। গত বৃহস্পতিবার সরকারি দলের অপু উকিল সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার মা, খালেদা জিয়া ও তার সন্তান সম্পর্কে অশালীন বক্তব্য দেয়ার সময় বিরোধী দল মাইক বন্ধ করার জন্য অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি স্পিকারের নিকট বার বার আবেদন জানিয়ে ব্যর্থ হয়। ডেপুটি স্পিকার নির্বিকার থাকায় শেষ পর্যন্ত বিরোধী দল তীব্র প্রতিবাদ জানিয়ে শ্লোগান দিয়ে ওয়াকআউট করে।