ফকিরহাটে আগ্নেয়াস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

আপডেট : ২২ জুন ২০১৩, ২৩:০২
পুলিশের উপর হামলার মামলায় জড়িত থাকার অভিযোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের ইউপি সদস্য মোদাচ্ছের মল্লিককে (২৭) পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জুয়েল নামে তার এক সহযোগীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ দশমিক ২২ বোরের একটি বিদেশি রিভলবার, তিনটি তাজা গুলি, দুটি গুলির খালি খোসা এবং দুটি ককটেল উদ্ধার করে। এই ঘটনায় ফকিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আখতার বাদী হয়ে মোদাচ্ছের ও তার সহযোগী জুয়েলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে মোদাচ্ছেরকে কারাগারে পাঠানো হয়েছে। মোদাচ্ছের পিলজংগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় অন্তত ১১টি মামলা রয়েছে। গত ৬ মে বাগেরহাট-খুলনা সড়কের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা থেকে কাটাখালী মোড় পর্যন্ত হেফাজত ইসলামের বিক্ষোভ কর্মসূচির নামে গাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার সে এজাহারনামীয় আসামি। পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামীম জামান পলাশ এই প্রতিবেদককে বলেন, তার বিরুদ্ধে ফকিরহাট থানায় একাধিক মামলা রয়েছে। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।