খুলনা জেলা পরিষদের মালিকানাধীন ডাকবাংলো মার্কেট ও ডিসি মার্কেট ভেঙ্গে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের নামে ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিস পাঠানোর প্রতিবাদে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। আজ রবিবার প্রধানমন্ত্রীর বরারর স্মারকলিপি প্রদান এবং আগামীকাল সোমবার মানববন্ধন। গতকাল শনিবার স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ীরা এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ব্যবসায়ীদের পথে বসানোর চেষ্টা করা হলে খুলনা অচলের মত কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে সদর ডাকবাংলো দোকান মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল বলেন, জেলা পরিষদের মালিকানাধীন সদর ডাকবাংলো মার্কেটে ৫৪ জন এবং ডিসি মার্কেটে ১৮ জনসহ মোট ৭২ জন ব্যবসায়ী ১৯৪৮ সাল থেকে বংশ পরম্পরায় ব্যবসা করে আসছেন। সব মিলিয়ে ৭শ’ পরিবারের রুটি-রুজি এ দুটি মার্কেটের সঙ্গে জড়িত। ২০১২ সালে জেলা পরিষদের প্রশাসক মার্কেটের ইজারাদারদের সঙ্গে মতবিনিময় করে সেখানে বহুতল ভবন নির্মাণের বিষয়টি তুলে ধরেন। পরে ব্যবসায়ীদের মতামত না নিয়ে সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ব্যবসায়ীরা সম্মতি দিয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত বুধবার জেলা পরিষদের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে আগামী ১০ দিনের মধ্যে মার্কেট ছাড়ার নির্দেশ দেয়া হয়। এরপর ব্যবসায়ীরা আন্দোলনে নামেন।
