গাজীপুর সিটি নির্বাচন

সেনা মোতায়েনের দাবি জানালেন মেয়র প্রার্থী অধ্যাপক মান্নান

আপডেট : ২২ জুন ২০১৩, ২৩:০৩
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম. এ মান্নান সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, যেভাবে সরকারের উচ্চপর্যায় থেকে একজন মেয়র প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ করা হয়েছে, তাতে এখানে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছি। এ কারণে আমি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি। তিনি গতকাল শনিবার নির্বাচনী গণসংযোগ করার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি জানান। এ ব্যাপারে ১৪ দল সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লাহ খান বলেন, এখনো নির্বাচনে সেনা মোতায়েনের মতো কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে এটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিষয়। এদিকে নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মতিয়ার রহমান গতকাল সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকলেই যাতে আচরণ বিধি মেনে চলেন এজন্য আমরা, আইন-শৃংখলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিকভাবে কড়া নজরদারি অব্যাহত রেখেছি।