শেয়ারবাজারের সূচক ও লেনদেন কমেছে

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:১০
মুনাফা তুলে নেয়ার প্রবণতায় গতকাল রবিবার বাজারে কিছুটা দরপতন হয়েছে। এর আগের কার্যদিবস বৃহস্পতিবারও বাজারে দরপতন হয়েছিল। তবে গত কয়েক সপ্তাহ ধরে বাজারে শেয়ারের দর বাড়ায় মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকেই বাজারে দরপতন হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ১৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৭ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৯ লাখ ৪২ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৮৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ডিএসইএক্স ও ডিএসই’র সাধারণ সূচকের মধ্যে বড় পার্থক্য হওয়ার কারণ গ্রামীণ ফোনের প্রভাব। গতকাল বাজারে গ্রামীণ ফোনের দাম বেড়েছে ৬ দশমিক ৪২ শতাংশ। এদিকে বিনিয়োগকারীদের মধ্যে বাজার পরিস্থিতি দেখার প্রবণতা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষণে বলা হয়েছে, বাজারের সূচক সাড়ে চার হাজার অতিক্রম করছে কিনা তা বিবেচনা করার প্রবণতা রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। তবে গতকাল বিনিয়োগকারীদের লেনদেনের আগ্রহে ছিল জ্বালানি খাত। বাজারের মোট লেনদেনের প্রায় ২১ শতাংশই হয়েছে এ খাতের কোম্পানিগুলো ঘিরে। লেনদেনের দিক থেকে শীর্ষে থাকা অন্য খাতগুলো হলো টেলিকমিউনিকেশন, টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যালস।