স্বয়ংক্রিয় শুল্কায়ন প্রক্রিয়ায় হয়রানি কমবে

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:১০
প্রথম পর্যায়ে দেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরের শুল্কায়ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল স্থলবন্দরসহ আমদানি-রফতানির সব শুল্কস্টেশন স্বয়ংক্রিয় করা হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘এসআইকোডার ওয়ার্ল্ড’ মাধ্যমে চট্টগ্রাম সমুদ্র বন্দরের স্বয়ংক্রিয়তার ওপর এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। আগামী ১ জুলাই থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের শুল্কায়ন প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় হচ্ছে জানিয়ে অনুষ্ঠানে বলা হয়, ‘এসআইকোডার ওয়ার্ল্ড’ হলো জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের একটি প্রকল্প। যার মাধ্যমে দেশের আমদানি-রফতানির সব শুল্কায়ন প্রক্রিয়া স্বংক্রিয়ভাবে সম্পন্ন হবে। জাতীয় রাজস্ব্ব বোর্ড (এনবিআর) ও আঙ্কটাড যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। আঙ্কটাড ও এনবিআরের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। অর্থমন্ত্রী বলেন, শুল্কায়ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় হলে রাজস্ব যেমন বাড়বে তেমনই হয়রানি মুক্ত পরিবেশে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ সৃষ্টি হবে। তবে যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত বা যারা সেবা গ্রহণ করবে সেই স্টেক-হোল্ডারদের এই প্রক্রিয়া সম্পর্কে ধারণা না থাকলে এর সুফল পাওয়া যাবে না। এনবিআর চেয়ারম্যান গোলাম রহমান বলেন, এসআইকোডার ওয়ার্ল্ড প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুল্কায়ন প্রক্রিয়া তথ্য ব্যবস্থাপনা ও স্বচ্ছতা অনেক বেড়ে যাবে। স্টেকহোল্ডারদের এ সম্পর্কে ধারণা দিতে এনবিআর যথাযথ ব্যবস্থা নিচ্ছে। অনুষ্ঠানে আঙ্কটাডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রেনো মার্টিনেন্স ‘এসআইকোডার ওয়ার্ল্ড’ মাধ্যমে কিভাবে শুল্কায়ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় হচ্ছে এর ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের শুল্কায়ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় হলে আমদানি-রফতানির ক্ষেত্রে বিল অব এন্ট্রি, সত্য ঘোষণা, শুল্কায়ন ও নির্ধারিত শুল্ক পরিশোধসহ সবই অনলাইনে করা যাবে। পৃথিবীর যে কোন স্থান থেকে অনলাইনে এসব কাজ করা যাবে। এ জন্য কোন গ্রাহককে সশরীরে শুল্ক স্টেশনে উপস্থিত হতে হবে না। রেনো মার্টিনেন্স বলেন, পৃথিবীর ৯০টি দেশে আঙ্কটাডের এসআইকোডার মাধ্যমে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।