এ দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব সদ্য প্রয়াত আতিকুল হক চৌধুরী সর্বশেষ ১৩তম সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডে দেশ সেরা টেলিভিশন ব্যক্তিত্বের পুরস্কার অর্জন করেন। সেসময় অসুস্থ থাকায় পরে তার কর্মস্থল একুশে টিভিতে গিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেন আয়োজকবৃন্দ। ছবিতে ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন ও একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামের হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন আতিকুল হক চৌধুরী।
প্র্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় কলকাতার কণ্ঠশিল্পী শুভমিতার সঙ্গে গান করলেন দূরবীণ ব্যান্ডের শহীদ। এম এ জলিল অনন্ত পারচালিত ‘মোস্ট ওয়েলকাম-টু’ সিনেমায় থাকছে গানটি। ‘মন ছুঁয়ে দেখে যাও’ শিরোনামের গানটি লিখেছেন এ প্রজন্মের জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর। গানটির সুর করেছেন শহীদ ও সংগীত পরিচালনা করেছেন রাফি। গানটি প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘আমি আমার ঢঙেই লেখার চেষ্টা করেছি এ গানটিও। তবে কোনদেশের শিল্পী গাইল সেই হিসেব আমার কাছে বড় নয়, আমার কাছে গুরুত্বপূর্ণ গানটি কতটা শ্রুতিমধুর হলো। সেই হিসেবে শুভমিতা অবশ্যই আমার প্রিয় এক শিল্পী, তার চমত্কার কণ্ঠে শহীদ ভাইয়ের সুরে অন্য এক ছন্দ পাবে এটাই বিশ্বাস।’ উল্লেখ্য, অনন্ত পরিচালিত ও প্রযোজিত ‘মোস্ট ওয়েলকাম টু’-এর অধিকাংশ গানেরই গীতিকার জাহিদ আকবর। সাম্প্রতিক প্লে-ব্যাক প্রসঙ্গে বলেন, ‘গানের ভিজ্যুয়ালাইজেশন মানসম্পন্ন হওয়াটা খুবই জরুরি এখন। সেদিক দিয়ে পরিচালক অনন্ত এখন সবচেয়ে ব্যয়বহুল ভিডিওগ্রাফি করেন। এর আগে আমার লেখা ‘ভেজা ভেজা হাওয়া’ গানটিতেও তার প্রমাণ মিলেছে।’
