মিস ইউএসএ প্রতিযোগিতা

বাংলাদেশের মেয়ে পারমিতা

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:৩৩
যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যের সুন্দরীদের মধ্যে মিসিসিপি অঙ্গরাজ্য থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত পারমিতা মিত্র। তবে চূড়ান্ত পর্যায়ে বিজয়ের মুকুট ছিনিয়ে আনতে না পারলেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেই খুশি তিনি। বরিশালে জন্মগ্রহণকারী ২১ বছর বয়সী পারমিতা ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা এবং ৪ ভাষায় কথা বলতে পারেন। মিসিসিপি ইউনিভার্সিটির মহাকাশ প্রকৌশল বিভাগের ছাত্রী পারমিতা মাত্র ৫ বছর বয়সে পরিবারসহ চলে আসেন যুক্তরাষ্ট্রে। একমাত্র ভাই অম্লান মিত্র গ্রাফিক্স ডিজাইনার এবং বাবা ড. অধ্যাপক অমল মিত্র শিক্ষকতা করেন ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপিতে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত অমল মিত্র বার্তা সংস্থা এনাকে বলেন, আমার মেয়ে স্বাধীনচেতা এবং সে প্রথম বাংলাদেশি নভোচারী হতে চায়। গতবছর গ্রীষ্মে পারমিতা আমাদের সঙ্গে বাংলাদেশে গিয়েছিল। ঢাকা মেডিক্যাল কলেজের প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক শাফকাত হোসেনের নেতৃত্বে ঠোঁটকাটা রোগীদের কাউন্সেলিং করেছে। মানবসেবায় তার ভীষণ আনন্দ। পারমিতার মা রত্না মিত্র বলেন, এত বড়মাপের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়াটাও একটি ভাগ্যের ব্যাপার। ‘মিস মিসিসিপি’ শিরোপা অর্জনের ব্যাপারটিও কম গৌরবের নয়। পারমিতাও খুশি। এদিকে পারমিতা যার কাছে হেরে গিয়েছেন তিনি হলেন কানেক্টিকাটের সুন্দরী ইরিন ব্রাডি। চলতি বছরের ৯ নভেম্বর রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার নয়া মিস ইউএসএ ইরিনকে মিস ইউএসএর মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউএসএ প্রথম রানারআপ ন্যানা মেরিওয়েদার। মুকুটের পাশাপাশি একবছর থাকার জন্য নিউইয়র্কের ম্যানহাটানে একটি অভিজাত অ্যাপার্টমেন্ট পেয়েছেন ইরিন। ইস্ট হ্যাম্পটনের বাসিন্দা ইরিন সেন্ট্রাল কানেক্টিকাট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন।