নির্বাচন আচরণবিধি মেনে চললে কোন বাহিনীর প্রয়োজন নেই

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৪৮
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, কিশোরগঞ্জ-৪ আসনে উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। সবার সহযোগিতা পেলে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারব। তাছাড়াও প্রার্থী, প্রার্থীর সমর্থক ও এলাকার ভোটারদের ওপরই আইন-শৃঙ্খলার বিষয়টি সার্বিকভাবে নির্ভর করছে। সকলেই নির্বাচন আচরণবিধি মেনে চললে ম্যাজিস্ট্রেট নিয়োগ কিংবা কোন বাহিনীর প্রয়োজন হয় না। উন্নত বিশ্বে নির্বাচনে পুলিশ নিয়োগ করাকে নাগরিকরা অপমান বলে গণ্য করেন। তিনি গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ-৪ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনী এলাকাটি হাওর অধ্যুষিত হওয়ায় র্যাব, বিজিবি, আনসার ও পুলিশ বাহিনী ছাড়াও প্রয়োজনবোধে এখানে কোস্টগার্ডও নিয়োজিত করা হবে। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় নির্বাচন সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. খুরশিদ আনোয়ার।