শিক্ষা প্রতিষ্ঠানকে মুনাফা অর্জনের উত্স করতে দেয়া হবে না :শিক্ষামন্ত্রী

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৪৯
শিক্ষা প্রতিষ্ঠানকে মুনাফা অর্জনের উত্স হিসেবে কাজ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি শিক্ষার উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের দক্ষ জনবল না থাকার ফলে তৈরি পোশাক খাতে বিপুল বিদেশি লোক কাজ করছে এবং এর ফলে বাংলাদেশে প্রতিবছর বিপুল অংকের টাকা বিদেশে চলে যাচ্ছে। তিনি বাংলাদেশের জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল হিসেবে তৈরির আহবান জানান। শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে জাতীয় বাজেটে আরো বেশি হারে বরাদ্দ রাখার পক্ষে মত দেন। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যাচেলর অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড বিবিএ ইন লিডারশিপ কোর্স প্রবর্তন বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি প্রধান অতিথি ছিলেন। সভায় ডিসিসিআই সভাপতি সবুর খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলী, ডিসিসিআই পরিচালক হায়দার আহমদ খান, খায়রুল মজিদ মাহমুদ, হুমায়ুন রশীদ, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ শোয়েব চৌধুরী, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট (বিএফটিআই)’র সিইও মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।