দেশের কোন কারাগারে রাজনৈতিক বন্দি নেই

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৫১
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশের কোন কারাগারে কোন রাজনৈতিক বন্দী নেই। গতকাল রবিবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি সংসদকে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, দেশের ১৩টি কেন্দ্রীয় এবং ৫৫টি জেলা কারাগার রয়েছে। বর্তমানে কোন স্পেশাল জেল নেই। তবে গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি প্রিজনস নামে একটি কারাগার আছে। কারাগারগুলোর ধারণক্ষমতা ৩৩ হাজার ৫৭০ জন। চলতি মাসের ১ তারিখের হিসেবে এসব কারাগারে মোট বন্দীর সংখ্যা ৭২ হাজার ১৭৬ জন। এর মধ্যে কয়েদি ২১ হাজার একজন, বিচারাধীন ৫১ হাজার ৬৮ জন, বিদেশি মুক্তিপ্রাপ্ত ১০৭ জনসহ মোট বিদেশিদের সংখ্যা ৬৭৯ জন, সাজাপ্রাপ্ত কিশোর বন্দীর সংখ্যা দুজন এবং বিচারাধীন কিশোর-কিশোরীর সংখ্যা ৩৮ জন। হেফাজতের আন্দোলনে ১২ পুলিশ নিহত বেগম সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট, হেফাজতে ইসলাম ও জামায়াতের হরতালসহ বিভিন্ন আন্দোলনের কারণে চলতি বছরের ১০ জুন পর্যন্ত সারাদেশে ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত ১২ জন পুলিশ সদস্যের মধ্যে ১০ জন কনস্টেবল, একজন নায়েক ও একজন এসআই রয়েছেন। পাসপোর্ট অফিস ৬৭টি এ. কে. এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশের প্রতিটি জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। বর্তমানে পাসপোর্ট অফিসের সংখ্যা হচ্ছে ৬৭টি। এর মধ্যে রাজধানীতে তিনটি এবং চট্টগ্রামে দুটি পাসপোর্ট অফিস রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে সারাদেশে ১৫টি পাসপোর্ট অফিস ছিলো। চোরাচালানিদের তালিকা এইচএম গোলাম রেজার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চোরাচালানি গডফাদারদের হালনাগাদ তালিকা তৈরির বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। বিজিবির নিয়মিত অভিযান ও টহল তত্পরতা এবং টাস্কফোর্সের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করে গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ৭৮৭ কোটি ৬৫ লাখ ২৬ হাজার ৭৬ টাকার চোরাচালানির মালামাল আটক করেছে। দুই হাজার ৫৮৮ জন চোরাকারবারিকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। মাদক চোরাচালান পিনু খানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্ত দিয়ে গত চার বছরে ৬৯৮ বোতল ফেনসিডিল, গাঁজা ১৮০ কেজির বেশি, বিদেশি মদ ৩১ হাজার ৭১৯ বোতল, দেশি মদ ৮৩ হাজার ১৮৪ দশমিক ৭৪০ লিটার, বিয়ার ২২ হাজার ৮৩০ বোতল, হেরোইন ৩৮ দশমিক ৬০৭ কেজি এবং ইয়াবা ট্যাবলেট আট লাখ ৪৫ হাজার ৮০২ পিস উদ্ধার করা হয়েছে। এসব মাদক চোরাচালানির সাথে জড়িত ২৪৪ জনকে আটক করে ২৩৩টি মামলা করা হয়েছে। ফায়ার সার্ভিসের উন্নয়ন এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরকে আধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত করতে রাজস্ব খাতে ২১২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত টাকা দিয়ে বহুতল ভবনের অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ পরিচালনাসহ সকল প্রকার অগ্নি-দুর্ঘটনা ও উদ্ধার কাজ সম্পাদনের জন্য একটি মাল্টিপারপাস ফায়ার অ্যান্ড রেসকিউ টেন্ডার, চারটি এরিয়েল প্লাটফর্ম লেডার, দুটি ইমারজেন্সি টেন্ডার, তিনটি ফোম টেন্ডার, পাঁচটি কেমিক্যাল টেন্ডার, দুটি ব্রেকডাউন ভ্যান, একটি ওয়াটার মিস্ট সিসটেম, পাঁচটি কোল্ড কাট সিসটেম ও একটি লাইট ইউনিটসহ ৩১ ধরনের আধুনিক সাজ-সরঞ্জাম সংগ্রহ করে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ফায়ার স্টেশনে সরবরাহ করা হয়েছে।