নগর সংস্কৃতি

শিল্পকলা একাডেমীতে জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৫২
মুক্তিযুদ্ধ ও প্রকৃতির প্রেমে মুগ্ধ অটিস্টিক শিশুদের আঁকা চিত্রকর্ম নিয়ে দৃক গ্যালারিতে শনিবার বিকেলে শুরু হয়েছে ইমার্জড ফ্রম আননোন-৫ শীর্ষক প্রদর্শনী। ছাত্র সংগঠন হ্যান্স এর আয়োজক। পৃষ্ঠপোষকতা করছে ইউনিলিভারের পণ্য সার্ফ এক্সেল। অটিস্টিক শিশুরা অপারগ নয় বরং তারা সৃজনশীল- এ মূলমন্ত্রকে সামনে নিয়ে অটিষ্টিক শিশুদের মেধা ও মননের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং অটিজম বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বারক আলভী, হ্যান্সের উপদেষ্টা নাইমুর রহমান ও ইউনিলিভারের ব্রান্ড বিল্ডিং ডিরেক্টর কেএসএম মিনহাজ। ঢাকার আটটি বিশেষ স্কুলের শিশুদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনীটি সাজানো হয়েছেঃ অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, স্কুল ফর গিফটেড চিলড্রেন, সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন, হোপ অটিজম সেন্টার, সাইম্লিং চিলড্রেন, রমনা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, কল্যাণী ও সুইড বাংলাদেশ। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে ১২০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী ২৮ জুন পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আয়োজকরা জানান, প্রদর্শনীর সবগুলো ছবি বিক্রয়যোগ্য ও এর অর্থ শিশুদের হাতে তুলে দেয়া হবে। এদিকে শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের আয়োজনে জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার প্রদর্শনীর ২০তম আয়োজনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিগত বছরের চারুকলা অঙ্গনে শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এতে সকল মাধ্যমে শ্রেষ্ঠ বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার পেয়েছেন মো. মাঈনউদ্দীন। পুরস্কারস্বরূপ তিনি এক লাখ এক হাজার টাকা পেয়েছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী সম্মান পুরস্কার পেয়েছেন হাসান মোরশেদ, মঞ্জুরুল লভী ও হাসানুর রহমান। পুরস্কারস্বরূপ তারা প্রত্যেকেই ২৫ হাজার টাকা করে পেয়েছেন। বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার পেয়েছেন গুলশান হোসেন। পুরস্কারস্বরূপ তিনি এক লাখ টাকা পেয়েছেন। সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট পুরস্কার পেয়েছেন রুহুল করিম রুমি। পুরস্কারস্বরূপ তিনি ৮০ হাজার টাকা পেয়েছেন। এবি ব্যাংক পুরস্কার পেয়েছেন রাসেল কান্তি দাস। পুরস্কারস্বরূপ তিনি ৫০ হাজার টাকা পেয়েছেন। বেগম আজিজুন্নেসা চারুকলা পুরস্কার পেয়েছেন জাহিদা আখতার। পুরস্কারস্বরূপ তিনি ২৫ হাজার টাকা পেয়েছেন। দীপা হক পুরস্কার পেয়েছেন আনিসুজ্জামান মামুন। পুরস্কারস্বরূপ তিনি পেয়েছেন ২০ হাজার টাকা। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। ২১ দিনব্যাপী প্রদর্শনীতে পেইন্টিং, ভাস্কর্য, ছাপচিত্র, টেপেস্ট্রি, মিশ্র মাধ্যম, স্থাপনা ও স্থাপনা ভিডিওসহ ২৫৫ জন শিল্পীর ২৮০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। ১২ জুলাই পর্যন্ত চলা প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকেল ৩টা থেক রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।