ঢাকার চারপাশের নদী দখল ও দূষণ থেকে মুক্ত রাখার আহবান

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৫২
নদীকে মায়ের মত ভালবাসতে এবং নদীর সাথে মায়ের মত আচরণ করার আহবান জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। ঢাকা শহরের চারিদিকের নদীসমূহ দখল দূষণ রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রবিবার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মানববন্ধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সদরঘাট টার্মিনালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে তিনি এ আহবান জানান। মানববন্ধন ও শোভাযাত্রায় নৌ-মন্ত্রী ছাড়াও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. মোঃ শামছুদ্দোহা খন্দকার, সদস্য ও পরিচালকবৃন্দ, ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সদস্য সচিব মিহির বিশ্বাসসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা, কর্মচারীদের সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশাজীবীসহ স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। নৌ-মন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশে নদীই ছিল যাতায়াতের অন্যতম মাধ্যম। বুড়িগঙ্গার পানি আমরা পান করতাম। অযত্নে অবহেলায়, দখলে-দূষণে আজ নদীগুলো বিপন্ন। তিনি গৃহস্থালী বর্জ্য নদীতে না ফেলার জন্য নদীপাড়ের বাসিন্দাদের প্রতি অনুরোধ করেন। বর্জ্য ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করতে তিনি ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, হাসপাতাল কর্তৃপক্ষ, শিল্প কল-কারখানার মালিকগণসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। ঢাকা শহরের অভ্যন্তরে জ্যাম কমিয়ে আনতে সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত ওয়াটার বাস পুনরায় চালু করার ঘোষণা দেন। তিনি বলেন, নদীসমূহ দখল-দূষণ মুক্ত করণসহ নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সংক্ষিপ্ত বক্তব্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. মোঃ শামছুদ্দোহা খন্দকার বলেন, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে বাঁচাতে হলে নদীকে বাঁচিয়ে রাখার কোন বিকল্প নেই।