অশালীন বক্তব্যে সংসদকে অবমাননা করা হচ্ছে :সুরঞ্জিত

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৫৩
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, শীর্ষ নেতাদের আশকারা পেয়ে কিছুসংখ্যক সংসদ সদস্য জাতীয় সংসদ অধিবেশনে অশালীন বক্তব্য দিচ্ছেন। অসংসদীয় ভাষা ব্যবহার করে সংসদকে কলুষিত করছেন। এর মাধ্যমে তারা শুধু নিজেদের ছোট করছেন না, জাতীয় সংসদকেও অবমাননা করছেন। শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী ও বাংলাদেশ পর্যটন এন্ড এনভায়রনমেন্ট সোসাইটি আয়োজিত ‘চলমান রাজনীতি-সুষুম ও নিরপেক্ষ নির্বাচন সরকারের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেন বলেন, সিটি নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয় নির্বাচনের মূল যে সমস্যা তার সমাধান হয়েছে। এর মাধ্যমে বিএনপি এই নির্বাচন কমিশনকে মেনে নিয়েছে।