গোলাগুলির পর যশোরের শীর্ষ সন্ত্রাসী হেমায়েত আটক, ৫ পুলিশ আহত

আপডেট : ২৩ জুন ২০১৩, ২২:৫৮
যশোরের সন্ত্রাসী হেমায়েত বাহিনীর সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। এতে চার এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান হেমায়েতকে (২৮) আটক করেছে। অস্ত্র, গুলি ও বোমাসহ ধরা পড়েছে হেমায়েতের দুই সহযোগী। গতকাল রবিবার বেলা ৩টার দিকে যশোর সদর উপজেলার মন্ডলগাতি-কৃষ্ণবাটি এলাকায় এ ঘটনা ঘটে। হেমায়েত বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ১০-১২টি বোমার বিস্ফোরণ ঘটায় এবং ১০ রাউন্ড গুলিবর্ষণ করে। পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে ১৯ রাউন্ড গুলিবর্ষণ করে। সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন, যশোর কোতয়ালি মডেল থানার এসআই আহসান, এসআই আশরাফুল, এসআই সন্তু বিশ্বাস, এসআই বায়েজিদ ও হাবিলদার আব্দুল মান্নান। আটককৃতরা হলো যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের জিন্নাত আলীর ছেলে বাহিনী প্রধান হেমায়েত (২৮), তার দুই সহযোগী একই এলাকার হাফিজুর রহমানের ছেলে জাহিদ হাসান (২০) ও আবির হাসান শুভ (২১)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও আটটি বোমা। পুলিশ গুলিবিদ্ধ হেমায়েতকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত ৫ পুলিশ সদস্য হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।