আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নির্বাচন-কালীন সরকার নিয়ে আলোচনার জন্য বিএনপিকে আর নতুন করে প্রস্তাব দেয়া হবে না। আলোচনার প্রয়োজন হলে তারাই বলবে। তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নিখোঁজ নন, অসুস্থ। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিত্সাধীন। সে নিখোঁজ বলে বিএনপি মিথ্যাচার করছে বলে তিনি অভিযোগ করেন।
গতকাল রবিবার সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। হানিফ বলেন, নির্বাচন নিয়ে বিএনপির মাঝে যদি কোনো সংশয় কিংবা শঙ্কা থাকে তাহলে তারা জাতীয় সংসদে আলোচনা করবে-এটাই দেশবাসীর প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা অনুযায়ী বিএনপি জাতীয় সংসদে মুলতবি প্রস্তাবও এনেছিলো। কিন্তু পরে কী কারণে তারা প্রস্তাবটি প্রত্যাহার করলো আগে সেটা দেশবাসী জানতে চায়। তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিএনপি আলোচনা নয়, ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। তিনি আরো বলেন, সিটি নির্বাচনে প্রমাণ হয়েছে, তত্ত্বাবধায়কের মতো অসাংবিধানিক ব্যবস্থার আর প্রয়োজন নেই।
প্রসঙ্গত, নির্বাচনকালীন মন্ত্রিসভার রূপরেখা নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিএনপি বলে আসছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর ঘোষণা না পেলে তারা কোনো আলোচনায় যাবে না।
