রাজাপুরে পুলিশের ওপর হামলা ও থানা ভাংচুরের ঘটনায় বিএনপির ১২২ জনের নাম উল্লেখ করে চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। মামলা দায়েরের পর গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা এলাকা ছেড়েছেন।
রাজাপুর থানার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত শনিবার পুলিশের ওপর হামলা ও থানা ভাংচুরের ঘটনায় গতকাল থানা পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা লিপিবদ্ধ করে। এতে গতকাল আটককৃত বিএনপি নেতা হুমায়ুন কবির ও শনিবার আটক ১৮ জনসহ মোট ১৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল সভাপতি নাসিম উদ্দিন আকন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ শহর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১২২ জন নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে। তবে এ ব্যাপারে গতকাল বিকাল ৪টা পর্যন্ত কোন প্রকার তথ্য দিতে রাজি হননি রাজাপুর থানার ওসি আতাউর রহমান।
