পাকিস্তানে নাঙ্গা পর্বতে গুলিতে ৯ পর্যটক ও এক গাইড নিহত

আপডেট : ২৩ জুন ২০১৩, ২৩:০০
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নাঙ্গা পর্বতের বন্দুকধারীদের হামলায় ৯ বিদেশি পর্যটক ও ১ পাকিস্তানি নিহত হয়েছেন। নিহতদের ৫ জন ইউক্রেন, ৩ জন চীন ও ১ জন লিথুনিয়ার নাগরিক। তারা সকলেই ছিলেন পর্বতারোহী। হামলা থেকে রক্ষা পাওয়া জীবিত চীনের একজন নাগরিককে উদ্ধার করা হয়েছে। পাকিস্তানে পর্যটকদের ওপর এ ধরনের হামলা এটিই প্রথম। খবর ডন এর। এদিকে পাকিস্তানে নতুন সরকার গঠনের মাত্র কয়েকদিনের মধ্যে নজিরবিহীন এই হামলা চালানো হলো। এতে বিব্রত নওয়াজ শরীফের সরকার। পাকিস্তানের পার্লামেন্টে এই হামলার নিন্দা জানানো হয়েছে এবং হামলাকে পাকিস্তানের ওপর হামলা বলে অভিহিত করা হয়েছে। দিয়ামার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাভেদ বলেন, স্থানীয় সময় শনিবার রাত ১০টায় এ হামলা চালানো হয়। এতে ৯ বিদেশি পর্যটক ও ১ পাকিস্তানি নিহত হন। তিনি আরো জানান, আধাসামরিক বাহিনীর পোশাক পরে বন্দুকধারীরা এসেই এলোপাতাড়ি গুলি ছুঁড়ে তাদের হত্যা করে। পাকিস্তানি তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, মার্কিন ড্রোন হামলার প্রতিশোধ নিতে তারা এ হামলা চালিয়েছে। তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেন, আমরা এ হামলা চালিয়েছি এবং এর দায়িত্ব স্বীকার করছি। উল্লেখ্য, বিশ্বের অন্যতম সর্বোচ্চ পর্বত নাঙ্গা পর্বতে (৪,২০০ ফুট) উঠার জন্য এসব পর্যটক প্রথম ক্যাম্পে অবস্থান করছিলেন। পর্বতটি দিয়ামার জেলায় অবস্থিত। চীন ও কাশ্মিরের সঙ্গে সীমান্ত থাকা গিলগিট-বালতিস্তান প্রদেশে পশ্চিম হিমালয়ের নাঙ্গা পর্বত এলাকা অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এ এলাকাকে পাকিস্তানের অন্যতম নিরাপদ এলাকা বলে বিবেচনা করা হয়।