ফিলিস্তিন প্রধানমন্ত্রী হামদাল্লাহ পদত্যাগ করেছেন

আপডেট : ২৩ জুন ২০১৩, ২৩:০০
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট মাহ্মুদ আব্বাস গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হামদাল্লাহ্র পদত্যাগ পত্র গ্রহণ করেন। দুই সপ্তাহের কিছু বেশি সময় আগে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। খবর বিবিসি ও এএফপি’র। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হামদাল্লাহ দুজন ডেপুটির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানালে প্রেসিডেন্ট আব্বাস তার পদত্যাগপত্র গ্রহণ করেন। আব্বাস বৃহস্পতিবার সরাসরি তার অধীনে দুজন ডেপুটি নিয়োগের সিদ্ধান্ত নিলে সংকট শুরু হয় এবং ক্ষমতার দ্বন্দ্বের জের ধরে হামদাল্লাহ্ প্রেসিডেন্টের দফতরে তার পদত্যাগপত্র জমা দেন। শুক্রবার আব্বাসের সঙ্গে এক বৈঠককালে হামদাল্লাহ্ তার পদত্যাগপত্রটি প্রত্যাহার করেছিলেন। কিন্তু গতকাল সকালে আরেকটি বৈঠকের পর প্রেসিডেন্ট পদত্যাগপত্রটি গ্রহণ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, প্রাথমিকভাবে (শুক্রবার) হামদাল্লাহ্ তার পদত্যাগপত্র প্রত্যাহারে সম্মত হন।