রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় দ্রুত বিচার আইনের পৃথক দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেছে আদালত।
গতকাল রবিবার মামলার ধার্য তারিখে সংসদ অধিবেশন চলার কারণ দেখিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, শহীদউদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে সময়ের আবেদন করা হয়। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলুর অসুস্থতার কারণ দেখিয়ে তাদের পক্ষে সময়ের আবেদন করা হয়। তবে দুই মামলারই আসামি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ রায়, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল আদালতে হাজির ছিলেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য এ দিন ধার্য করেন।
গত ২৭ মার্চ শাহজাহানপুর থানার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদসহ ২৩ জনকে অভিযুক্ত করে ও একইদিন পল্টন থানার অপর মামলাটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মওদুদ আহমেদসহ বিএনপির ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা দুটির অভিযোগপত্রভুক্ত আসামি যুবদল নেতা সাইফুল আলম নীরব, হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও আজিজুল বারী হেলালসহ মোট ১৭ জন পলাতক রয়েছেন।
