লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ২৩ জুন ২০১৩, ২৩:০০
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. সেলিমকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার কাশিমপুরে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জেলা যুবদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, সন্ত্রাসীরা সেলিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করার পর মৃত ভেবে ঘটনাস্থল রাস্তার পাশে ফেলে চলে যায়। এলাকাবাসী সেলিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে তিনটার দিকে অবস্থার অবনতি হলে চিকিত্সকরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পথে সেলিমের মৃত্যু হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন বলেন, স্থানীয় আওয়ামী সন্ত্রাসী রতন ও তার বাহিনী সেলিমকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সেলিমের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।