হু’র আঞ্চলিক পরিচালক পদে প্রার্থী হচ্ছেন ডা. মোদাচ্ছের

আপডেট : ২৩ জুন ২০১৩, ২৩:০০
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের (এসইএআর) পরিচালক পদে নির্বাচনে বাংলাদেশের পক্ষে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও অনানুষ্ঠানিক প্রচারণা এখন থেকেই শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে হু’র আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের প্রার্থীর জয়ের বিষয়ে সরকারের শীর্ষ পর্যায় আশা করছে বলে জানা যায়। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, ১৯৯৩ সালে বাংলাদেশের প্রতিনিধি ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের ব্যক্তিগত চিকিত্সকের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করেন। ২০০৩ সালে থাইল্যান্ডের পক্ষে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহার করা হয়। এবারের নির্বাচনে বাংলাদেশ সরকার তার প্রার্থীর ব্যাপারে জয়ের আশা করছেন। সরকারের শীর্ষ পর্যায় সূত্রে জানা যায়, ভারত এবং থাইল্যান্ডের প্রার্থীরা বাংলাদেশের প্রার্থীর পক্ষে তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে। এই দুটি প্রভাবশালী দেশের সমর্থন পাওয়া গেলে জয় অনেক সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছে। ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা।