যুক্তরাষ্ট্রের নাসার প্রতিযোগিতা ও আন্ত:বিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার প্রকৌশলী মো: সফিকুল ইসলাম, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. আশুতোষ সাহা প্রমুখ।
এ সময় চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, নাসার প্রতিযোগিতায় চুয়েট টিমের অংশগ্রহণের মাধ্যমে অর্জিত সাফল্য এই বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রযাত্রার অন্যতম মাইলফলক হিসেবে থাকবে। রোবট গবেষণায় এই বিশ্ববিদ্যালয় সামপ্রতিক সময়ে বেশ সাফল্য অর্জন করেছে। চলমান সাফল্য রোবট সম্পর্কিত শিক্ষা-গবেষণার এই বিশ্ববিদ্যালকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী।
