গতকাল মঙ্গলবার শবে বরাতের সরকারি ছুটি থাকায় শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। এর আগেরদিন সোমবার দেশের উভয় শেয়ারবাজারে দরপন হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিন উভয় স্টক এক্সচেঞ্জে সূচক কমলো। কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে রবিবার লেনদেন হয়েছিল ৬৬০ কোটি টাকা। এরপর সোমবার ১৪৯ কোটি টাকা কমে হয়েছে ৫১১ কোটি টাকা। আর সিএসই’তে রবিবার মোট লেনদেন হয়েছিল ৯২ কোটি টাকা। সোমবার তা কমে দাঁড়ায় ৫০ কোটি টাকায়।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ১৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১০ পয়েন্টে। লেনদেনকৃত ২৮৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, মুনাফা তুলে নেয়ার প্রবণতায় তৃতীয় দিনের মতো বাজারে দরপতন হয়েছে। ধীরে ধীরে লেনদেন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের আস্থাও কিছুটা কমছে বলেই প্রতীয়মান হচ্ছে। দাম বাড়ার ক্ষেত্রে শীর্ষে ছিল জীবন বীমা খাত। এরপর রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত ও টেলিকমিউনিকেশন খাত। আর দাম কমার ক্ষেত্রে এগিয়ে ছিল ব্যাংকিং খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমেছে প্রায় দেড় শতাংশ। এছাড়া সিমেন্ট ও সিরামিক খাতও রয়েছে।
