মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা আবারো বাংলাদেশকে পরবর্তী ’এশিয়ান টাইগার’ হিসেবে অভিহিত করে এদেশের আগামীতে ’নেক্সট চায়না’ হওয়ার সকল গুণাবলী রয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, অন্ধকারের আড়ালেই আশার আলোকরেখা নিহিত থাকে। সময় এসেছে চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করার। এ দেশের অমিত সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে এজন্য সরকার ও বেসরকারি খাতকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
রবিবার রাজধানীর একটি হোটেলে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিল্ড প্রতিষ্ঠিত হয়েছে।
বিল্ড-এর চেয়ারম্যান ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীমের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের বর্তমান সভাপতি সবুর খান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ’র সভাপতি মাহবুবুর রহমান, এমসিসিআইর সভাপতি রোকেয়া আফজাল রহমান, মালয়েশিয়ার রাষ্ট্রদূত নরলিন বিনতে ওথম্যান, নেদারল্যান্ডস-এর রাষ্ট্রদূত গার্বেন ডি জং, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমা ছাড়াও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
দেশে বিদ্যমান সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে বিল্ড কাজ করবে বলে জানান সবুর খান।
আসিফ ইব্রাহীম বলেন, বিল্ড মূলত ডায়লগ প্ল্যাটফর্ম। এর কাজ হচ্ছে দেশে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে নীতিমালা সংস্কার, যথাযথ আইনি কাঠামো তৈরিতে সরকারকে গবেষণামূলক পরামর্শ প্রদান করা।
