গত সোমবার জাতীয় সংসদে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ব্যাংক কোম্পানি (সংশোধন)’ ২০১৩ আইন বিলের রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির অনুপস্থিতিতে কমিটির অপর সদস্য অধ্যাপক আলী আশরাফ রিপোর্ট উপস্থাপন করেন। চলতি অধিবেশনে এ বিলটি পাস করার কথা রয়েছে।
গত ২২ এপ্রিল আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জাতীয় সংসদে বিলটি উপস্থাপন করেন। সেদিনই স্পিকার বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে প্রেরণ করেন। গত ১২ জুন সংসদীয় কমিটি বিলের রিপোর্ট চূড়ান্ত করে। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনে ২০০৩ সালে বড় ধরনের পরিবর্তন করা হয়েছিলো। এরপর সরকার বিদ্যমান এই আইনটির অধিকতর সংশোধন আনার লক্ষ্যে উদ্যোগ নেয়। বিলে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একক বা যৌথভাবে কোন ব্যাংক কোম্পানির উল্লেখযোগ্য শেয়ার ধারণ করতে পারবে না।
পরিচালকের মেয়াদ বৃদ্ধি: বিলে পরিচালকের মেয়াদ বৃদ্ধি করে তিন বছর করা হয়েছে। পরিচালক হিসাবে তিন বছর করে পরপর দু’ মেয়াদে থাকতে পারবেন। এর বেশি থাকতে হলে মধ্যবর্তী সময়ে গ্যাপ দিতে হবে। বর্তমানে যারা পরিচালক রয়েছেন তাদেরও সুযোগ রয়েছে সংশোধিত আইনে। পরিচালক হিসাবে দায়িত্ব পালনকালে অন্য ব্যাংক বা বিভাগে দায়িত্ব পালন করতে পারবেন না। তবে সর্বোচ্চ দু’ মেয়াদে কোন বীমা কোম্পানির পরিচালক থাকতে পারবেন।
শেয়ার সংক্রান্ত বিধান লংঘন করলে অনধিক সাত বছর কারাদণ্ড ও কমপক্ষে দুই লাখ এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে এই লংঘন অব্যাহত থাকলে প্রথম দিনের পর প্রত্যেক দিনের জন্য ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তি বা কোম্পানিকে জরিমানা করতে পারবে।
পরিচালক নিয়োগ:বিশেষায়িত ব্যাংক ছাড়া অন্য যে কোন ব্যাংক-কোম্পানি পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী নিয়োগ বা পদায়নের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। নিযুক্ত কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া পদ থেকে অব্যাহতি দেয়া বা বরখাস্ত করা বা অপসারণ করা যাবে না। ব্যাংক কোম্পানি পরিচালক নিয়োগের শর্ত হিসাবে ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আইন কার্যকর হওয়ার এক বছর পর তিনজন স্বতন্ত্র পরিচালকসহ ২০ জনের বেশি পরিচালক থাকবে না। পরিচালকের সংখ্যা ২০ জনের কম হলে কমপক্ষে দু’জন স্বতন্ত্র পরিচালক থাকবে।
শেয়ার বাজারে বিনিয়োগ: ব্যাংক কোম্পানি বা অন্য কোন কোন কোম্পানির শেয়ার ধারনের ক্ষেত্রে ধারণকৃত শেয়ার বাজার মূল্যে ওই কোম্পানির আদায় করা মূলধন, শেয়ার প্রিমিয়াম ও সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংস’র পরিমাণের পাঁচ শতাংশ। আর ওই কোম্পানির আদায় করা মূলধনের ১০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে। বিলে ঋণ খেলাপীর সংজ্ঞায় বলা হয়েছে, কেউ ঋণ গ্রহণ করে যদি ছয়মাস অনাদায়ী হয়, তাহলে তাকে ঋণ খেলাপী ধরা হবে।
