গাজীপুর সিটি নির্বাচন

আজমত উল্লাহ-মান্নানের ‘বৃষ্টিভেজা’ প্রচারনা

আপডেট : ২৫ জুন ২০১৩, ২১:১৯
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রধান দুই জোট সমর্থিত দুই হেভিওয়েট প্রার্থী আজমত উল্লাহ ও এম এ মান্নানের প্রচার-প্রচারণা জমে ওঠেছে। উভয় প্রার্থীর সমর্থনে প্রচারণায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেয়ায় প্রচার কাজে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্সাহ-উদ্দীপনা বাড়ছে। সরব হয়ে ওঠেছে সমগ্র গাজীপুর সিটি এলাকা। গতকাল মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলর প্রার্থিগণ দিনভর ব্যস্ত থাকেন নিজেদের নির্বাচনী এলাকায় গণসংযোগ, পোস্টার-লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা প্রচার কাজে। গতকাল দিনভর ১৪ দল তথা মহাজোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে দোয়াত-কলমের পক্ষে প্রচার-প্রচারণা চালান। তিনি সকালে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার হায়দরাবাদ, শুকুন্দিরবাগ, মেঘডুবি, কুদাব, তালুটিয়া, হারবাইদ, মারুকা, নন্দিবাড়ী, বিন্দান, উধুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরের বাজার, বাধুন, বাড়ইবাড়ী, ইছালী প্রভৃতি এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে ছিলেন জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা আলী হোসেন মাস্টার, মজিবুর রহমান মজু, অ্যাডভোকেট শাজাহান মিয়াসহ দলীয় নেতা-কর্মীরা। অপরদিকে অ্যাডভোকেট রহমত আলী এমপির নেতৃত্বে একটি দল কাউলতিয়া, বাউপাড়া, বঙ্গবন্ধু কৃষি বিশ্ব বিদ্যালয় এলাকায় ১৪ দল তথা মহাজোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের দোয়াত কলমের পক্ষে গণসংযোগে অংশ নেন। অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে অপর একটি দল দোয়াত-কলমের পক্ষে ছয়দানা মালেকের বাড়ী এলাকায় তৈরি পোশাক শিল্প শ্রমিক ও নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এসময় আওয়ামী লীগের একদা বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন। পরে মোজাম্মেল হক কোনাবাড়ী দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও কাসিমপুর সারদাগঞ্জে গণসংযোগ করেন। এছাড়া সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী ও বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আবুর নেতৃত্বে আইনজীবীদের একটি দল কাউলতিয়া, সালনা ও শিমুলতলী এলাকায় দোয়াত-কলমের পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করেন। অপরদিকে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম. এ মান্নান গতকাল এক সংবাদ সম্মেলনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণার পর বিকালে তার টেলিভিশন প্রতীকের পক্ষে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের সাথে নিয়ে তিতারকুল বাজার, নোয়াগাঁও, হাড়িনাল বাজার, লাগালিয়া স্কুল মাঠ, বরুদা, উত্তর ছায়াবীথি, দক্ষিণ ছায়াবীথি, রাজবাড়ী মাঠ, সাহাপাড়া, হাজী পাড়া প্রভৃতি এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, সুরুজ আহমেদ, মেহেদী হাসান এলিসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান গত সোমবার গাজীপুর শহরের জয়দেবপুর বাজার, সাবরেজিস্ট্রি অফিস, রাজবাড়ী সড়ক, কলাপট্টি ও জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের সাথে নিয়ে টেলিভিশন প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকট জয়নাল আবেদীন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সাবেক এমপি ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী হাসান উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, যুবদল নেতা প্রভাষক বসির উদ্দিনসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ।