সোনারগাঁও থানা বিএনপির নতুন চমক আজহারুল ইসলাম মান্নান। তিনি সোনারগাঁও থানা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক। এখানে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তিনি রাজনীতি করেন দেশ ও দেশের মানুষের জন্য। দৈনিক ইত্তেফাকের পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ক্রোড়পত্রের জন্য তিনি সাক্ষাত্কার প্রদান করেন।
তিনি বলেছেন, রাজনীতি সমাজের সর্বোচ্চ ধাপ। রাজনীতি ছাড়া সমাজের উন্নয়ন মোটেও সম্ভব নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠাই রাজনীতি। উন্নয়নের জন্যই রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদ জিয়া শুধু আমাদের অধিকার প্রতিষ্ঠা করেননি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশও প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক। আল্লাহর রহমতে সোনারগাঁওবাসীর সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকলে আগামী সংসদ নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করব এবং সোনারগাঁওবাসীর সমর্থন নিয়ে আমি জয়ী হবো।
রাজনীতির বাইরেও তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দু’হাত ভরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি মন্দিরের উন্নয়নেও তার আর্থিক অনুদানের কথা এলাকাবাসী এখনো কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। তিনি একজন সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধুও বটে।
আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, আমি সর্বদা দেশনত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশের অপেক্ষায় থাকি। তিনি যখন যা নির্দেশ প্রদান করেন আমি সেভাবে সাংগঠনিক কাজগুলো করে থাকি। আমি এলাকায় সাংগঠনিক তত্পরতা দলীয় কর্মীদের ঐক্য সুদৃঢ় রাখতে চেষ্টা করি। এলাকার উন্নয়ন সম্পর্কে বলেন, এলাকাবাসী আমাকে সমর্থন দিয়ে আগামী সংসদ নির্বাচনে জয়ী করলে পরিকল্পিতভাবে ধারাবাহিকতা বজায় রেখে এলাকার উন্নয়ন করে যাব। এখানে বিএনপির বর্তমান অবস্থা পূর্বের চেয়ে ভাল কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই সোনারগাঁওয়ে বিএনপির বর্তমান অবস্থান পূর্বের চেয়ে অনেক ভাল। কারণ আমার প্রতিটি কর্মকাণ্ডে অনেক নতুন নতুন মুখ দেখতে পাই এবং মুরব্বীদের যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। তাছাড়া দলের অনেক নেতা-কর্মী বঞ্চিত ছিল তারা আমার পাশে এসে কাজ করছে। আমি বিশ্বাস করি বিএনপির পজিশন পূর্বের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন যাবত্ বিএনপির একজন আদর্শ কর্মী হিসাবে নিষ্ঠার সহিত কাজ করে আসছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের জন্য দল-মত নির্বিশেষে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখছি এবং ভবিষ্যতেও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখবো। শহীদ জিয়ার আদর্শের স্বপ্ন বাস্তবায়নে দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দলের একজন কর্মী হিসাবে কাজ চালিয়ে যাবো।
