বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগে পলাতক দুই বাংলাদেশি চৌধুরী মুইনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে গত সোমবার অভিযোগ গঠন করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে এ মামলায় সাক্ষ্য গ্রহণের অংশ হিসেবে আগামী ১৫ জুলাই রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য এবং ওইদিন রাষ্ট্রপক্ষকে তাদের সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদেশের পর প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, বুদ্ধিজীবী হত্যার মূল নায়ক আশরাফুজ্জামান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যামাইকা এবং চৌধুরী মুইনুদ্দিন লন্ডনে রয়েছেন।
প্রসঙ্গত ট্রাইব্যুনাল-২ বিচারাধীন এ মামলায় গত ১২ মে ওই দুইজনকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। এ সংক্রান্ত নির্দেশাবলী সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়। কিন্তু দুই প্রবাসী ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গত ২৭ মে তাদের পলাতক দেখিয়ে তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে দুইজন আইনজীবী নিয়োগ দেয়। এর আগে গত ২৫ এপ্রিল পলাতক চৌধুরী মুইনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাসহ ১৬টি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমার চার্জ) দাখিল করে প্রসিকিউশন। আসামিরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি উল্লেখ করে প্রসিকিউশনের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার আবেদন করেন প্রসিকিউশন। প্রসিকিউশনের দেয়া অভিযোগ আমলে নিয়ে গত ২ মে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
