বছর খানেক আগে রাফায়েল নাদাল উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে যখন অখ্যাত লুকাস রোসোলের কাছে হেরে গেলেন সে সময় একটা আলোচনা বেশ বাজার পেয়েছিল। আলোচনাটি ছিল টেনিসের ইতিহাসে এর চেয়ে বড় অঘটন আর ঘটেছে কিনা। এই আলোচনার পুনরাবৃত্তি ঘটিয়ে গত সোমবার স্পানিশ খেলোয়াড়টি এবার যখন উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন তখন এটাকে শুধু অঘটন বলে উড়িয়ে দেয়া যাচ্ছে না।
সঙ্গত কারণে টেনিস সাবেকদের অনেকেই প্রশ্ন তুলেছেন ঘাসের কোর্টে নাদালের ভবিষ্যত্ নিয়েও।
মাত্র সপ্তাহ দুয়েক আগেই জিতেছেন রেকর্ড অষ্টম ফ্রেঞ্চ ওপেন শিরোপা। ইনজুরি থেকে গত ফেব্রুয়ারিতে ফেরার পর ঘাসের কোর্টের টুর্নামেন্টগুলোতে পারফরম্যান্স খারাপ ছিল না। তাই ক্যারিয়ারে প্রথমবারের মতো কোন গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ার পেছনে অনেকেই খুঁজছেন ইনজুরির ভূমিকাও। তবে এমন ধারণা একদমই উড়িয়ে দিলেন এই স্প্যানিয়ার্ড। সাংবাদিকরা বার বার এ বিষয়ে প্রশ্ন করলে কিছুটা বিরক্তিও প্রকাশ পেল তার কণ্ঠে, ‘আমার মনে হয় আপনারা মজা করছেন। এটা (ইনজুরি) নিয়ে কথা বলার সময় এটা নয়।’
তবে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা লুকাননি সাতাশ বছর বয়সী এই তারকা, ‘আমার জন্য এখানে ভাল কিছু ছিল না। হাঁটু নিয়ে এই মুহূর্তে আমি কথা বলতে চাই না। যে জিনিসটা এই মুহূর্তে আমি করতে পারি সেটা হচ্ছে প্রতিপক্ষকে অভিনন্দিত করা।’
তবে নাদাল যাই ভাবুন না কেন, বেলজিয়ামের স্টিভ ডেকরিসের কাছে ৭-৬(৭-৪), ৭-৬, ৬-৪ গেমের এই পরাজয়ের পর খেলাটির সাবেক তারকারা বলছেন, ঘাসের কোর্টে নিজের ভবিষ্যত্ নিয়ে ভেবে দেখার সময় এসেছে নাদালের। এদের দলে আছেন টেনিস কিংবদন্তী বরিস বেকারও। বিবিসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাত্কারে তিনবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন বেকার বলেন, ‘তাকে অবশ্যই ভেবে দেখতে হবে ঘাসের কোর্টে তার কোন ভবিষ্যত্ আছে কিনা। আমি ভেবেছিলাম নাদাল এবছর(উইম্বল্ডন) খেলার ঝুঁকি নেবে না। তারপরও আমি বলবো এটা বিশাল একটা অঘটন।’
ক্লে কোর্টে সেই পুরনো নাদালকে দেখা গেলেও ঘাসের কোর্টে ব্যাপারটা একেবারেই আলাদা। এখানে খেলতে যে ধরনের পরিশ্রমের দরকার হয় নাদালের ভঙ্গুর হাঁটু সেই চাপ নিতে পারবে কিনা প্রশ্ন আছে সেটা নিয়েও। দুই ধরনের কোর্টে মানিয়ে নেয়াটা যে মোটেই সহজ নয় বেকার বলেছেন সেটাও। তিনি বলেন, ‘ইনজুরি থেকে নাদালের প্রত্যাবর্তনটা ছিল দুর্দান্ত। কিন্তু সে প্রধানত ক্লে কোর্টের টুর্নামেন্টগুলোই খেলছিল। অন্য কোর্টের তুলনায় ঘাসের কোর্টে খেলাটা অনেকাংশে আলাদা। আপনাকে ভিন্ন ভাবে নড়তে হবে এবং পায়ের উপর প্রচণ্ড চাপ পড়বে। কারণ, আপনাকে প্রতিনিয়তই দিক পাল্টাতে হবে এবং পিছনে যেতে হবে।’
তবে নাদাল পা হড়কালেও জয় পেয়েছেন পুরুষ এককের শীর্ষ বাছাইরা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রোমানিয়ার ভিক্টর হানেস্কুকে ৬-৩, ৬-২, ৬-০ গেমে মাত্র ৬৮ মিনিটে উড়িয়ে দিয়েছেন রজার ফেদেরার। দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন বেঞ্জামিন বেকারকে। তবে মহিলা এককেও ঘটেছে অঘটন। পঞ্চম বাছাই সারা এরানি ৬-৩, ৬-২ গেমে হেরে গেছেন মনিকা পুইগের কাছে। তবে প্রত্যাশিত জয় পেয়েছেন মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কারা।
