ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন

আপডেট : ২৫ জুন ২০১৩, ২২:৪১
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে দ্বিতীয় রাত কাটিয়েছেন। তার পরিবারের সদস্য, দেশবাসী ও সারা বিশ্বে তার শুভাকাঙ্ক্ষীদের আশংকা, দক্ষিণ আফ্রিকার সাবেক এই প্রেসিডেন্ট তার বেঁচে থাকার লড়াইয়ে হয়তো হেরে যাচ্ছেন। ডাক্তাররা তাকে সারিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে। ইস্টার্ন কেপ প্রদেশে তার পরিবারের সদস্যরা বৈঠক করলেও তার বিস্তারিত জানা যায়নি। খবর এএফপি ও বিবিসির। ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজালা, মেয়ে জিনজি ম্যান্ডেলা-মটহাজওয়া ও জেনানি ম্যান্ডেলা-ডলামিনি এবং সরকারি কর্মকর্তারা সোমবার হাসপাতালে ম্যান্ডেলাকে দেখতে যান। দেশটির রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে ম্যান্ডেলা চিকিত্সাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে বেশকিছু গাড়ি প্রিটোরিয়ার সেই হাসপাতালে ঢুকতে ও বেরিয়ে যেতে দেখা যায়। হাসপাতালের সামনে তার ভক্তরা প্রার্থনা করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা কিছু সাদা কবুতর আকাশে উড়িয়ে দেয়। সোমবার দেশের উদ্বিগ্ন জনগণের উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, দেশের সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলা হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিত্সাধীন রয়েছেন। চিকিত্সকরা ম্যান্ডেলার অবস্থার উন্নতির জন্য সম্ভাব্য সবকিছু করছেন। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের জন্য দীর্ঘ ২৭ বছর জেলে কাটিয়েছেন। তিনি ফুসফুসের সংক্রমণের চিকিত্সার জন্য গত ৮ জুন হাসপাতালে ভর্তি হন। প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হসপিটালে নিবিড় চিকিত্সা সত্ত্বেও সামপ্রতিক দিনগুলোতে ৯৪ বছর বয়সী এ নেতার শারীরিক অবস্থার হঠাত্ করেই মারাত্মক অবনতি ঘটে।