ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপন ও ক্ষমতার অপব্যবহারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। মিলানের একটি আদালত সোমবার তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করায় তাকে সরকারি কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে ৭৬ বছর বয়সী বারলুসকোনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে আদালতে কয়েকটি মামলা আছে। ২০১২ সালের অক্টোবরে ট্যাক্স জালিয়াতির জন্য তাকে ৪ বছরের সাজা দেয়া হয়। খবর রয়টার্স ও বিবিসির।
২০১০ সালে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মী কারিমা এল-মাহরুগের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য অর্থ দিয়েছিলেন বারলুসকোনি। রুবি দ্য হার্ট স্টিলার নামে পরিচিত মাহরুগের তখন বয়স ছিল ১৭ বছর। বারলুসকোনি তার নিজস্ব বাসভবনে ‘বুঙ্গা বুঙ্গা পার্টিতে’ অনেক মহিলাকে আমন্ত্রণ জানাতেন। এই পার্টিতে যারা আসতেন তাদের অন্যতম হচ্ছে মাহরুগ। বারলুসকোনি বলেন, আসলে এসব পার্টি বিনোদন পার্টি। অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০১১ সালে বারলুসকোনির বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরু হয়। অভিযোগে বলা হয়, বারলুসকোনি ক্ষমতায় থাকার সময়ে কারিমাকে অন্য একটি ঘটনায় পুলিশ গ্রেফতার করলে তাকে ছেড়ে দেয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। এই দুটি অভিযোগে আদালত তাকে সাজা দিয়েছে। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৫, ২০০১ থেকে ২০০৬ ও ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী ছিলেন।
