অল্পের জন্য রক্ষা

আপডেট : ২৫ জুন ২০১৩, ২২:৪১
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট গত রবিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নকালে একটি খাবারের ট্রলি ছিটকে যাত্রীদের সিটে আঘাত লাগে। এতে অল্পের জন্য রক্ষা পান ওই ফ্লাইটের ইকনোমি ক্লাসের অগ্রভাগের যাত্রীরা। কেবিন ক্রুদের গাফিলতির কারণে এ ঘটনা ঘটে। এ সময় ওই ফ্লাইটে লন্ডন থেকে ঢাকা ফিরছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টীল। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। আজ বুধবার তাদের সাময়িক বরখাস্ত করা হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইট উড্ডয়নের আগে যাত্রীদের জন্য খাবার ভর্তি ট্রলিগুলো লক করা অপরিহার্য। লক না করলে উড্ডয়নের সময় ঝাঁকুনিতে ট্রলিগুলো খুলে দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। রবিবার হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার উদ্দেশ্যে বিমানের ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি যাত্রী নিয়ে উড্ডয়ন করে। কিন্তু ফ্লাইটের ফরোয়ার্ড গ্যালি এলাকায় রক্ষিত একটি খাবারের ট্রলি লক না করায় উড্ডয়নের সময় তা ছিটকে গিয়ে একটি সিটে গিয়ে সজোরে আঘাত লাগে এবং ট্রলির মধ্যে রক্ষিত খাবার ভর্তি ট্রেগুলো খুলে পড়ে। তবে ওই আসনে কোন যাত্রী ছিলেন না। এ সময় পিছনের আসনের যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ ঘটনার সময় ফ্লাইটের ফরোয়ার্ড গ্যালিতে একজন চিফ পার্সারসহ চার জন পার্সার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটে।