চট্টগ্রাম বন্দর চ্যানেলে মঙ্গলবার সকালে দেড় হাজার টন ‘বিলেট’ নিয়ে নিমজ্জিত হয়েছে লাইটারেজ জাহাজ এমভি হেনজেন-২। তলা ফেটে যাওয়ায় মঙ্গলবার সকাল আটটায় এই জাহাজ ডুবির ঘটনা ঘটে। বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ ইত্তেফাককে জানান, কর্ণফুলী চ্যানেলের দক্ষিণ পাড়ে কাফকো ও সিইউএফএল জেটির সামনে হেনজেন-২ নামের লাইটারেজ জাহাজটি ডুবেছে। এতে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। লাইটারেজ জাহাজ পরিচালনাকারী শ্রমিক সংগঠনের একটি সূত্র জানায়, বহির্নোঙর থেকে বিলেটসহ জেটিতে ফিরে আসার সময় হেনজেন-২ এর তলা ফেটে যায়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে এই ফাটল সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
