মনে পড়ে ধানখেত, দুধমাখা ভাত
ঝলমলে নীলাকাশ, জোছনার রাত।
মনে পড়ে ঘাসফুল, সজনের ডাঁটা
চৈত্রের খরতাপে রোদ্দুর ঠা-ঠা।
মনে পড়ে আম জাম কাঁঠালের কোয়া
খেজুরের রস আর শিশিরের ছোঁয়া।
মনে পড়ে বরষার বৃষ্টিতে ভেজা
শরতের কাশফুল মেঘ পেঁজা পেঁজা।
মনে পড়ে খেয়াঘাট- বৈঠার তাল
বারুণির মেলা হতো সকাল-বিকাল।
মনে পড়ে বটতলা- গঞ্জের হাট
ঘাটে বাঁধা মহাজনি বজরা বিরাট।
মনে পড়ে ঘুড়ি আর লাটাইয়ের সুতো
ইশকুল পালানোর কতো ছল-ছুতো!
মনে পড়ে মার্বেল-লাটিমের খেলা
মাতামাতি- হুল্লোড়ে যেতো সারাবেলা।
মনে পড়ে সবুজের ছোট গাঁওখানি
স্নেহময়ী জননীর কিযে হাতছানি!
মনে পড়ে শৈশব-ফেলে আসা দিন
অন্তরে বাজে সেই স্মৃতি ভায়োলিন।
