ভারত কা বীরপুত্র :মহারানা প্রতাপ

ইতিহাসের পাতা থেকে

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:১০
সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে হালে শুরু হয়েছে তেমনি এক ঐতিহাসিক টিভি সিরিয়াল ‘ভারত কা বীরপুত্র :মহারানা প্রতাপ’। প্রচার শুরুর অল্পদিনের মধ্যে সিরিয়ালটি সব বয়সী দর্শকের পছন্দের তালিকায় চলে এসেছে। ‘ভারত কা বীর পুত্র :মহারানা প্রতাপ’ সিরিয়ালটির নানা বিষয় তুলে ধরেছেন রেজাউল করিম খোকন প্রায় ৪০০ বছর আগের ভারতবর্ষ। একের পর এক ভিনদেশি শাসক দখলদাররা বিশাল সৈন্যবাহিনী, অস্ত্র-গোলাবারুদ নিয়ে ভারতের বিভিন্ন অংশে আক্রমণ করে দখল করে নিচ্ছে বিভিন্ন ভূখণ্ড। তাদের মধ্যে আফগান, তুর্কি, মোগলরা তাদের লক্ষ্য-উদ্দেশ্য পূরণের জন্য রাজনৈতিক ও সেনা কৌশল প্রয়োগ করে সফল হয়েছে। তারা ভারতবর্ষের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নিয়ে শাসন শুরু করেছে। তেমনি কঠিন সময়ে একটিমাত্র রাজ্য বিদেশি শাসক-আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। বিদেশি দখলদারদের রুখতে সশস্ত্র যুদ্ধ শুরু করে তারা। তেমনি এক রাজ্য রাজপুত অধ্যুষিত মেবার অনেক ঐতিহাসিক নাটকীয় ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। তখন মেবার রাজ্য বিদেশি আক্রমণকারীদের প্রতিরোধে যে শক্তি, সাহস, মনোবল আর স্বদেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল তা আজও অনেককে উদ্দীপ্ত করে। মোগলদের প্রতিরোধে রাজপুতরা সর্বাত্মক শক্তি ও সমরকৌশল প্রয়োগ করেছিল। রাজপুতদের অসীম সাহস, মনোবল এবং নিপুণ যুদ্ধ কৌশল মোগলদের বার বার বিচলিত ও অস্থির করেছিল। আর মেবার রাজ্যের সেই ঐতিহাসিক ঘটনার নায়ক ছিলেন মহারানা প্রতাপ। যিনি রাজপুতদের সংগঠিত করে বিদেশি মোগল শাসকদের প্রতিরোধ করেছিলেন। বীর যোদ্ধা মহারানা প্রতাপ সমগ্র ভারতবর্ষের মুক্তির লক্ষ্যে নতুন এক চেতনার জন্ম দিয়েছিলেন। সেই বীর যোদ্ধা মহারানা প্রতাপের স্বদেশপ্রেম, বীরত্বগাঁথা, পারিবারিক জীবন, রাজনৈতিক কলাকৌশল, সমর কৌশল, প্রেম-ভালোবাসা ইত্যাদির নানা বিষয় নিয়ে আবর্তিত হচ্ছে সনি টিভি চ্যানেলের নতুন সিরিয়াল ‘ভারত কা বীরপুত্র :মহারানা প্রতাপ’। মহারানা প্রতাপ ছোটবেলা থেকেই সাহসী এবং স্বাধীনচেতা ছিলেন। তিনি ছিলেন একজন আদর্শপুত্র। সত্মায়ের বিরূপ আচরণ সত্ত্বেও তার প্রতি মহারানা প্রতাপের শ্রদ্ধা-ভালোবাসা ছিল অটুট, ভাইদের প্রতিও তার দায়িত্ববোধ এবং ভালোবাসা ছিল অসামান্য। সাধারণ মানুষের জন্য মহারানা প্রতাপ ছিলেন একজন সহানুভূতিশীল দরদী নেতা। জনগণের পাশে তাদের সহায়তায় সব সময় তার হাত বাড়ানো থাকত। ভাইদের হিংসা-বিদ্বেষের পরেও মহারানা প্রতাপ তাদের মঙ্গল করেছেন। তারা সম্রাট আকবরের তাঁবেদার হয়ে মহারানা প্রতাপের অনেক ক্ষতি করলেও তিনি তাদের ক্ষতি করেননি। তার মহানুভবতায় মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত ভাইদের মনোভাব বদলে যায় এবং তারা মহারানা প্রতাপের পক্ষ নিয়ে মোগলদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। এই বীর নায়কের গল্প তুলে ধরা হচ্ছে হিন্দি টিভি সিরিয়ালে। দর্শক ‘ভারত কা বীরপুত্র :মহারানা প্রতাপ’ সিরিয়ালটি দেখে ইতিহাসের নানা অজানা অধ্যায় জানতে পারছেন। মহারানা প্রতাপের কিশোরবেলা থেকে সিরিয়ালের গল্পের সূত্রপাত হয়েছে। ক্রমেই অনেক ঘটনা পেরিয়ে পূর্ণ বয়স্ক বীরযোদ্ধা শাসক মহারানা প্রতাপ রূপে আবির্ভূত হবে চরিত্রটি। এখন কিশোর বয়সী মহারানা প্রতাপ চরিত্রটি রূপায়ণ করছেন ফয়সাল খান। তার অভিনয় দর্শকদের হূদয় ছুঁয়ে যাচ্ছে বারবার। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শক্তি আনন্দ গোরাদিয়া (মহারানা উদয় সিং), রাজশ্রী ঠাকুর (মহারানি জয়ন্তী বাঈ), আশকা গোরাদিয়া (মহারানি ধীর বাঈ), দিব্যলক্ষ্মী, রাজিব ভারদ্বাজ প্রমুখ। বিগ বাজেটের বড় ক্যানভ্যাসে তৈরি ‘ভারত কা বীরপুত্র :মহারানা প্রতাপ’ সিরিয়ালটি সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে সপ্তাহে প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দেখানো হয়।