আইনি জটিলতায় গত নয় বছর ধরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে পারছিল না ডেল্্টা লাইফ ইন্স্যুরেন্স। এখন সে জটিলতা শেষ হওয়ায় এজিএম করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এজিএম হলে ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডার ও পলিসি হোল্ডাররা উপকৃত হবেন বলে আশা করছেন ডেল্্টা লাইফের ঊর্ধ্বতনরা।
গতকাল মতিঝিলের উত্তরা ব্যাংক ভবনে প্রতিষ্ঠানটির কার্যালয়ে কোম্পানির চেয়ারম্যান মনজুরুর রহমান সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সময় কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সরকার, অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনজুরুর রহমান সংবাদ সম্মেলনে জানান, আইনি জটিলতার কারণে ২০০৪ সাল থেকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে না। তত্কালীন উদ্যোক্তা পরিচালক একিউএম নুরুল আবছারের করা একটি মামলার কারণে বার্ষিক সাধারণ সভা স্থগিত হয়ে যায়। সে সময়কার ব্যবস্থাপনা পর্ষদ মামলা নিষ্পত্তির কোন উদ্যোগ না নেয়ায় এতদিন এজিএম স্থগিত ছিল। এ মামলায় বিভিন্ন পর্যায় শেষে সম্প্রতি আপিল বিভাগে বিষয়টির নিষ্পত্তি হয়।
রায়ের উদ্ধৃতি দিয়ে কোম্পানি চেয়ারম্যান বলেন, ২০০৪ সালের স্থগিত সাধারণ সভা আগামী দুই মাসের মধ্যে এবং বাকিগুলো ছয় মাসের মধ্যে শেষ করার জন্য আদালত নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী ২০০৪ সালের এজিএম আগামী মাসের ২৬ তারিখ এবং এরপর পরবর্তীগুলো যে কোন একদিনে করা হবে বলে কোম্পানির বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
