স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, মাদক চোরাচালানের রুট বন্ধে সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদানে আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এতে এদেশে মাদকের বিস্তার হ্রাস পাবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি একথা বলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ‘নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা’ এ শ্লোগান নিয়ে সকালে জাতীয় প্রেসক্লাব থেকে মত্স্যভবন পর্যন্ত মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
