বান্দরবানে গতকাল বুধবার সকালে অলিম্পিক ডে উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ছোটন দাশ। এ ছাড়াও ম্যারাথন দৌড় শেষ করা ১৫ জনকে পুরস্কৃত করা হয়েছে। অন্যদের দেয়া হয়েছে গাছের চারা। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল আহসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম বেবীসহ ক্রীড়া ব্যক্তিত্বরা। মিনি ম্যারাথনটি মেঘলা পর্যটন মোটেলের সামনে থেকে শুরু হয়ে ছয় কিলোমিটার দূরে অবস্থিত জেলা প্রশাসক চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন বয়সের ৬২ জন প্রতিযোগী।
