প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে দেশে না এসে প্রবাসে থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপরদিকে আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনালের রায়ের ফলে নতুন সমুদ্রসীমা পর্যন্ত বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে মিয়ানমারের কোন আপত্তি ছাড়াই পেট্রোবাংলা বঙ্গোপসাগরের ১২টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে।
একদিন বিরতির পর গতকাল বুধবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা এ কথা বলেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের প্রশ্নের জবাবে প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রবাসী বাংলাদেশিরা নির্বাচনের সময় বর্তমানে দেশে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটাররা প্রবাসে থেকে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ’ ১৯৭২-এর প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে নির্বাচনের কাজে নিয়োজিত সকল ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশি ভোটারদের ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের আওতায় নিয়ে আসার কোন পরিকল্পনা এ মুহূর্তে নির্বাচন কমিশনের নেই।
মনোরঞ্জন শীল গোপালের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুালের প্রদত্ত রায়ে বঙ্গোপসাগরে সেন্টমার্টিনস দ্বীপে ১২ নটিক্যাল মাইল রাষ্ট্রাধীন সমুদ্রে পূর্ণ সার্বভৌমত্ব, ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং ২০০ নিটক্যাল মাইলের বাইরের মহীসোপানে সকল প্রাণীজ ও খনিজ সম্পদের উপর বাংলাদেশ সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করেছে।
একই বিষয়ে এ. এন. মাহফুজা খাতুন বেবী মওদুদ সমুদ্র পথে মিয়ানমার ও ভারতে যাত্রীবাহী জাহাজ চলাচল সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, সমুদ্র পথে জাহাজের মাধ্যমে ভ্রমণ অথবা যাত্রী চলাচলের বিষয়ে আর্থিক, বাণিজ্যিক ও আবহাওয়াগত বৈশিষ্ট্যের আঙ্গিকে বিচার বিশ্লেষণের জন্য সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
পোশাক কারখানা বন্ধের
পরিস্থিতি সৃষ্টি হয়নি
এ. এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, উন্নত দেশগুলোসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ নতুন কোন ঘটনা নয়। বর্তমানে বাংলাদেশে নিরাপত্তার অভাবে পোশাক কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধ হওয়ার মত কোন পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হয়নি। পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদফতরের অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে জনবল বৃদ্ধি করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
বাংলাদেশ-ভারত চুক্তি
বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ফলে জঙ্গি কার্যক্রম, সন্ত্রাসবাদ নির্মূলের মাধ্যমে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাকরণ দৃষ্টান্তমূলক অর্জন হিসাবে বিবেচ্য হতে পারে।
কওমী শিক্ষানীতি হচ্ছে
মুহিবুর রহমান মনিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কওমী মাদ্রাসাগুলো এখনো সরকারের নিয়ন্ত্রণে নয়। কওমী মাদ্রাসা নিজস্ব নীতিমালায় পরিচালিত হয়। বর্তমান সরকার জাতীয় শিক্ষানীতি-২০১০-এর বর্ণিত মতে কওমী মাদ্রাসাকে একটি নিয়মের আওতায় আনার লক্ষ্যে ইতিমধ্যে কওমী মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করেছে। কমিশন কওমি শিক্ষানীতি-২০১২-এর খসড়া প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করেছে। খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম গ্রহণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।
বৈদেশিক বিনিয়োগ
বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত বছর পর্যন্ত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে চার হাজার ৪২ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার।
