মুক্তিপণ আদায় করে শিশুটিকে ‘চিরমুক্তি’ দিল পাষণ্ডরা!

আপডেট : ২৬ জুন ২০১৩, ২২:৫৭
দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করে অতঃপর শিশুটিকে দুনিয়া থেকেই ‘চিরমুক্তি’ দিয়ে দিল অপহরণকারীরা! উপজেলার নিম হাওলা গ্রামে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে গত ২২ জুন রাতে ঘুমন্ত অবস্থায় অপহূত হয় সাড়ে তিন বছরের শিশু সানজিদা আক্তার টুম্পা। অপহরণের চার দিন পর মঙ্গলবার রাতে নিম হাওলা গ্রামের বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে একটি ঝোঁপের ভিতর থেকে টুম্পার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গজালিয়া গ্রামের হুমায়ুন কবিরের একমাত্র মেয়ে টুুম্পা তার দাদী পারুল বেগমের সাথে নিম হাওলা গ্রামে বেড়াতে যায়। রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই রাতেই ০১৯৬০৩১৬০৬৭ নম্বর থেকে টুম্পার আত্মীয় কামালের মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে। গত কয়েকদিন দফায় দফায় অপহরণকারীদের সাথে টুম্পার নিকট আত্মীয়দের দেন-দরবারের মাধ্যমে মঙ্গলবার রাত ৯ টায় উপজেলার পাড়ডাকুয়া এলাকায় অপহরণকারীদের হাতে দুই লাখ টাকা তুলে দেয়া হয়। এরপর অপহরণকারীরা জানায়, টুম্পাকে জীবিত অবস্থায় নিম হাওলা গ্রামের বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে ঝোঁপের মধ্য রাখা হয়েছে। কিন্তু স্বজনরা সেখানে গিয়ে অর্ধগলিত অবস্থায় টুম্পার লাশ দেখতে পায়। এ অবস্থায় গলাচিপা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশের একাধিক টিম মাঠে দিন-রাত কাজ করছে।