চাকরি স্থায়ীকরণের দাবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ প্রশাসনিক ভবনে তালা

আপডেট : ২৬ জুন ২০১৩, ২২:৫৯
চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলনে নেমেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও সংগঠনের মুখপাত্র জাহাঙ্গীর আলম, কর্মকর্তা তাপস গোস্বামী, শাহীন সরদার, রাফিউল হাসান রাসেল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আমরা চাকরি স্থায়ীকরণের জন্য শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। যাতে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াসহ কার্যক্রমের ব্যাঘাত সৃষ্টি না হয়। এরপরও যদি চাকরি স্থায়ী না হয় তবে কঠোর আন্দোলন সংগ্রাম শুরু হবে। ভিসি অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি ছাড়া অতিরিক্ত নিয়োগকারীদের চাকরি স্থায়ী করা সম্ভব নয়, তাই তাদের বেতনও হচ্ছে না।