ঢাকার অদূরে সাভারের বাজার বাসস্ট্যান্ডে বহুতল ভবন রাজ্জাক প্লাজায় ফাটলের সংবাদ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পর গতকাল বুধবার উপজেলা প্রশাসন ওই ভবনটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেয়। এ ঘটনার প্রতিবাদে ও ভবন চালু করার দাবিতে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে ও ঢাকা-আরিচা মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখে। বুয়েটের বিশেষজ্ঞ টিম এসে ভবনে কোন ত্রুটি না পেলে খুলে দেয়া হবে প্রশাসনের এমন আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুদ্ধরা অবরোধ তুলে নেয়। জানা গেছে, বহুতল বিশিষ্ট শপিং মল রাজ্জাক প্লাজার ৮ তলার বর্ধিত অংশের দেয়ালে ফটল দেখা দেয়। এ ফাটলের সংবাদ মঙ্গলবার রাতে একটি চ্যানেলে প্রচার হলে গত বুধবার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা , পৌরসভা, বিজিএমইএ ও পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন এবং ভবনটি তালাবদ্ধ করে মার্কেটি বন্ধ ঘোষণা করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যেহেতু মার্কেটের উপরের অংশে ফাটল দেখা গেছে এবং একটি মোবাইল ফেনের টাওয়ার রয়েছে তাই প্রাথমিক ভাবে ঝুকিপূর্ণ মনে হওয়ায় মার্কেটি বন্ধ করা হয়েছে। তবে বুয়েটের বিশেষজ্ঞ টিম এসে যদি মনে করেন মার্কেটি ঝুকিপূর্ণ নয় তাহলে তা পুনরায় খুলে দেয়া হবে।
বিজিএমইএ এর ডেপুটি সেক্রেটারি প্রকোশলী আঃ খালেক রাজ্জাক প্লাজা ঘুরে দেখার পর সাংবাদিকদের জানান, মূল ভবনে কোন ফাটল নেই। ৮ তলার উপরে ক্যান্টিন তৈরি করা হয়েছে তার দেয়ালে ফাটল দেখা দিয়েছে। যা মোটেও ঝুকিপূর্ণ নয়। রাজ্জাক প্লাজার মালিক আলী আহমেদ খান বলেন, আমাদের ভবনটি মোটেও ঝুকিপূর্ণ নয়। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাটলের সংবাদ পরিবেশন করা হয়েছে।
