বাঙালি সংস্কৃতি ও অন্যান্য
আনিসুজ্জামান
প্রকাশনায় :জাগৃতি প্রকাশনী
প্রচ্ছদ :ধ্রুব এষ
দাম :১৭৫ টাকা।
বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতির বিষয়ে আনিসুজ্জামান দীর্ঘকাল ধরে লেখালিখি করছেন। এ বইয়ে সংকলিত রচনাগুলিতে মূলত তারই প্রতিফলন ঘটেছে। তিনি চেষ্টা করেছেন ভাবগত ইতিহাস রচনার। সেই ভাবের ধারাবাহিকতা ও নতুন বিন্যাসের মাধ্যমেই আমাদের জনজীবনের ইতিকথা নিহিত। ইতিহাসের ধারায় কোন পথে আমরা অগ্রসর হই, কখন বা পিছিয়ে পড়ি, তারও একটা হিসাব-নিকাশের চেষ্টা আছে এসব লেখার মধ্যে।
প্রাচীন নগরীর খোঁজে
আলী ইমাম
প্রচ্ছদ :মশিউর রহমান
প্রকাশনায় :তাম্রলিপি
দাম :২৭০ টাকা
আলী ইমাম শিশুসাহিত্যিক হলেও সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে বিচরণ করেছেন। এরই অংশ হিসেবে ইতিহাসেও তিনি তাঁর সক্ষমতা দেখাতে পেরেছেন নিপুণভাবে। বিশ্বের প্রাচীন নগরীগুলো নিয়ে গবেষণা করে সব বয়সী পাঠকদের উপযোগী করে লিখেছেন তিনি। বইটিতে ২৭টি রহস্যময় প্রাচীন নগরীর বর্ণনা রয়েছে। প্রতিটি লেখার সাথে রয়েছে আকর্ষণীয় ছবি, যা যেকোনো ইতিহাসপ্রেমীকে আকৃষ্ট করবে।
শাশুড়িপুরাণ
আশা নাজনীন
প্রচ্ছদ :চারু পিন্টু
প্রকাশনায় :সূচিপত্র
দাম :২৫০ টাকা।
খুব সহজ ভাষায় লেখক বইটিতে ফুটিয়ে তুলেছেন শাশুড়ি ও মায়েদের গল্প। আমরা এতদিন শাশুড়িকে দেখেছি খলচরিত্র হিসেবে, আবার মাকে দেখেছি দেবী রূপে। কিন্তু মা-ই যে শাশুড়ি, তিনিই দেবতা, তিনিই অসুর, এই সাধারণ কথাটা আমরা কেন এতদিন ভুলে ছিলাম? আশা নাজনীন দরদ দিয়ে ফুটিয়ে তুললেন এই কাহিনি, যেখানে মুদ্রার দু-পিঠই দেখা যাবে।
আজহারুল হক ফরাজী
