আলোদের সাথে দেখা হলে কালো রেখাগুলি মুছে যায়।
শরীর আগলে রাখে মহাজাতকের চোখ। তুমি
ভুলের কবুলে রহস্যের ফাঁকে খোঁজো নিরাময় রোগ।
শূন্য গোয়ালের দুধে-সুধে আমি আত্ম প্রতিরোধে
প্রাকৃত মায়ার জালে খুঁজি তোমার বানানো অভিযোগ।
বীণাতারে বাজে না সময়। হূদয়ের কাঁটাতারে
অকাতরে বলি হয় পরাভয়। ঘরে ও বাইরে চলে
ভালোবাসার জয়-পরাজয়।
ধরাশায়ী মনে বহুজনে আদর ও আপ্যায়নে তুমি
হূদয়ের চোরাবাঁকে ভাসো রণাঙ্গনে। আমি
রং-তুলির সবাকে চির প্রেমিকের ইতিহাসে নাম লিখি
সমমনের বাগানে ফোটে পরজীবী অর্কিডের ফুল।
তুমি আদায়-উসুলে ইস্কাবিবির কৌশলে ছাড়ো
প্রিপেইড ভুল।
দেখা না দেখার রেখা টেনে পালামন
বেদনার দরশনে হয় দরদাম। তোমার সখের
অভিমান মনপুরার আবেগে খোঁজে নিরাবেগ সমাধান।
আমি পাষাণ হূদয়ে নিষেধাজ্ঞার মধুর হুশিয়ারি মেনে
যৌবনের কাছে নত এক ভালোলাগা ব্যবধান।
