গল্প নয় সত্যি

ব্যতিক্রমী অফার!

আপডেট : ২৭ জুন ২০১৩, ১৯:৩৭
বিশ্বের কমবেশি প্রায় সকল দেশেই প্রতিযোগিতামূলক ক্লাব ফুটবলে মোটা অঙ্কের বিনিময়ে পেশাদার ফুটবলার কেনার চল রয়েছে। তবে কেউ কি কখনও শুনেছেন যে, টাকার বিনিময়ে দলে খেলোয়াড় নেওয়ার পরিবর্তে উল্টো দলকে টাকা দিয়ে মাঠে খেলতে নেমেছেন কেউ। তবে পেশাদার ফুটবলের ইতিহাসে যেটি কখনও ঘটেনি ঠিক তেমনই এক ঘটনা এবার ঘটাতে চলেছে মধ্যম সারির এক ইংলিশ ক্লাব। গেল ক’বছর ধরে ধার-দেনায় জর্জরিত ম্যাকেলসফিল্ড টাউন নামের এই দলটি সম্প্রতি তাদের একজন ভক্তকে অর্থের বিনিময়ে সত্যিকারের একটি ম্যাচে অংশ নেবার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে। আগ্রহী এই ভক্তকে দলের সুবিধাজনক সময়ে লিগ অথবা ক্লাব কাপের কোনো একটি খেলায় নামানো হবে এবং তিনি সবমিলিয়ে মাত্র ১০ মিনিট খেলার সুযোগ পাবেন। আর এজন্য আগ্রহী এই ভক্তকে গুনতে হবে বিশ হাজার পাউন্ড সমপরিমাণ অর্থ। যদিও টাকার পাশাপাশি শর্ত হিসেবে শারীরিক সুস্থতা এবং বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে হওয়া বাঞ্চনীয় বলেও উল্লেখ করেছে দলটি। এদিকে দলটির এই অভিনব উদ্যোগ সম্পর্কে বলতে যেয়ে ম্যাকেলসফিল্ড টাউনের সহযোগি পরিচালক এন্ডি স্কট বলেন, ‘এটা সবাই জানেন যে গত মৌসুম শেষে আমাদের প্রায় ৫ লাখ পাউন্ডের বেশি দেনা হয়েছে এবং ক্লাবটিকে সচল রাখার সম্ভব সবরকম চেষ্টাই আমরা করছি। আমার জানা মতে এর আগে পেশাদার কোনো খেলায় এভাবে টাকার বিনিময়ে দলে কাউকে অন্তর্ভুক্ত করার নজির নেই। তবে সেই সাথে আমি আমাদের ভক্তদের এটিও নিশ্চিত করতে চাই যে, দলের ক্ষতি হতে পারে এমন কোনো মুহূর্তে আমরা নতুন খেলোয়াড়কে নামাবো না এবং যেসব ম্যাচে দল প্রথমার্ধেই ৩-০ বা তার বেশি ব্যবধানে এগিয়ে থাকবে শুধুমাত্র সে ধরনের কোনো ম্যাচেই দশ মিনিটের জন্য নামানো হতে পারে টাকার বিনিময়ে সুযোগ পাওয়া এই খেলোয়াড়কে।’ এদিকে টিকে থাকার জন্য আগামী মাসের মধ্যে এক লাখ পাউন্ড সংগ্রহ করার হুমকিতে থাকা এই ক্লাবটি এভাবে কতজন ভক্তকে মাঠে নামার সুযোগ দেবে বা একাধিক ভক্ত খেলার জন্য টাকা জমা দিলে কীভাবে তাদের নির্বাচন করা হবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি।